মালদহ জেলা পরিষদে কংগ্রেসকে সমর্থন! মাঝরাতে স্টেশন থেকে ৩ সদস্যকে আটকের ঘটনায় ধুন্ধুমার

মালদহ জেলা পরিষদ ধরে রাখতে কংগ্রেসের তৎপরতার মাঝেই সোমবার গভীর রাতে চরম রাজনৈতিক নাটক তৈরি হয়। মালদহ স্টেশন থেকে আকস্মিকভাবেই তিন জেলা পরিষদ সদস্যকে আটক করে পুলিশ। ওই সদস্যরা কংগ্রেসে যোগ দিয়ে জেলা পরিষদে দলটিকে সমর্থনের ঘোষণা করতেই এই পুলিশি পদক্ষেপ বলে অভিযোগ তুলেছেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। স্টেশনেই পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা বাঁধে। কংগ্রেসের দাবি, বিজেপি বিরোধী অবস্থান নিয়ে হাত শিবিরকে শক্তিশালী করার চেষ্টা করায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে ওই জনপ্রতিনিধিদের।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একে আইনের শাসনের পরিপন্থী বলে তোপ দেগেছেন। তাঁর দাবি, আটক সদস্যদের জন্য কলকাতা হাইকোর্টের পুলিশি সুরক্ষা থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই পদক্ষেপ করা হয়েছে। এর বিরুদ্ধে রাজপথে আন্দোলনের পাশাপাশি জোরদার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য নেতৃত্ব। গভীর রাতে এই আটকের ঘটনায় মালদহের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।