পুজোর আগেই ধামাকা! বাংলায় এক ধাক্কায় কমল বিদেশি মদের দাম

দুর্গাপুজোর ঠিক আগে পশ্চিমবঙ্গের মদপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল উৎসবের মরশুম। ভারত ও যুক্তরাজ্যের মধ্যে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির জেরে বাংলার বাজারে এক ধাক্কায় কমে গেছে একাধিক বিদেশি মদের দাম। ব্রিটিশ হুইস্কির উপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করায় খুচরো বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গসহ দেশের কয়েকটি রাজ্যে বিআইও ক্যাটেগরির স্কচের দাম গড়ে ৭ থেকে ১০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, শিভাস রিগ্যাল ও ব্যালেন্টাইনের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির দাম কিছুটা কমেছে।
তবে আমদানি শুল্ক অর্ধেক কমলেও ক্রেতারা তার সম্পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মদ বিক্রেতা সংগঠনের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার আবগারি শুল্ক বাড়িয়ে দেওয়ায় দাম সেই অনুপাতে নামেনি। তা সত্ত্বেও আসন্ন পুজোর বাজারে বার, রেস্তরাঁ এবং খুচরো দোকানে প্রিমিয়াম মদের বিক্রি বাড়বে এবং তা থেকে ভালো ব্যবসা মিলবে বলেই আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।