‘ভোট চুরি’র অভিযোগে উত্তাল রাজধানী: আটক রাহুল-প্রিয়ঙ্কা, যন্তর-মন্তরে জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি: মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। ‘ভোট চুরি’র অভিযোগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA) প্রতিবাদ মার্চ ঘিরে বুধবার যন্তর-মন্তর সংলগ্ন এলাকায় ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা সহ একাধিক শীর্ষ বিরোধী সাংসদকে আটক করেছে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, রাহুল ও প্রিয়ঙ্কাকে আটক করে পৃথক দুটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে একটি রেস্তোরাঁয় বৈঠকের পর, বিরোধী সাংসদরা বাসে চেপে যন্তর-মন্তরের দিকে রওনা হন। কিন্তু অশোক রোড ধরে এগোতেই তাঁদের পথ আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তাকর্মীরা।
বিরোধী সাংসদরা পৌঁছনোর আগেই যন্তর-মন্তর এলাকায় ১৬৩ ধারা জারি করেছিল পুলিশ, যার ফলে অনুমতি ছাড়া যেকোনো ধরনের জমায়েত আইনিভাবে নিষিদ্ধ ছিল। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সচিন শর্মা জানান, পূর্ব অনুমতি না থাকায় ওই এলাকায় কাউকে বিক্ষোভ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, আকাশবাণী ভবনের সামনে দীর্ঘ ধর্না এবং মঙ্গলবারের উত্তপ্ত পরিস্থিতির পর, বুধবারেও একই ইস্যুতে দিল্লির রাজপথে প্রতিবাদে নামে বিরোধী দলগুলি। কিন্তু পুলিশের কড়া পদক্ষেপে মিছিল আটকে যাওয়ায় এবং শীর্ষ নেতাদের আটক করায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।