২৮ নভেম্বর পুরভোটের প্রস্তাব! হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে জেলাশাসকদের কড়া নির্দেশ কৃষ্ণা গুপ্তার

কলকাতা: রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচন যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে এখন থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার পুরভোটের আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা।
বৈঠকে ভোটমুখী পুরসভাগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে স্পর্শকাতর এলাকাগুলি দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষ করে অতীতে যেসব এলাকায় নির্বাচনী অশান্তি বা হিংসার রেকর্ড রয়েছে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, ওইসব চিহ্নিত এলাকায় আগেভাগেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে নির্বাচনের সময় কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।
কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর পুরভোট গ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাবিত দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। বুধবার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য সরকার এই প্রস্তাবে সম্মতি জানালেই আনুষ্ঠানিকভাবে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।