দিল্লির সীমাপুরিতে ভেঙে পড়ল ৫ তলা ভবন! ধ্বংসস্তূপে আটকে বহু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

নয়াদিল্লি: দিল্লির সীমাপুরি এলাকায় ঈদগাহ মসজিদের কাছে একটি পাঁচতলা ভবন আচমকা ভেঙে পড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ও উদ্ধারকারী দল।
উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। ধসে পড়া অংশের নীচ থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইস্টার্ন রেঞ্জের জয়েন্ট কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। তবে বহু মানুষের আটকে থাকার আশঙ্কায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
যান চলাচলে বিধিনিষেধ ও ট্রাফিক নির্দেশিকা দুর্ঘটনার প্রভাবে সীমাপুরি গোলচক্কর, ডিএলএফ ভূপূরা এবং আশেপাশের রাস্তাগুলিতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি উদ্ধারকারী গাড়ি ও অ্যাম্বুল্যান্স যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে, সে জন্য সাধারণ মানুষকে ওই এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। একই সঙ্গে অকুস্থলের আশপাশে গাড়ি পার্কিং বা ভিড় না করার নির্দেশও দেওয়া হয়েছে।
উদ্বেগে রাজধানী প্রসঙ্গত, মাত্র এক মাস আগেই দিল্লির সত্য নিকেতনে একটি জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি টাটকা থাকতেই ফের সীমাপুরিতে এই ধরনের মর্মান্তিক বিপর্যয়ে রাজধানীর বহুতলগুলির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।