টানা ১১ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে ইডি দফতর ছাড়লেন ইন্দ্রনীল সেন?

ইউনেস্কোর হেরিটেজ তকমাপ্রাপ্ত দুর্গাপুজোর পাসের নামে দেদার অর্থ দুর্নীতির অভিযোগে সিজিও কমপ্লেক্সে ইডি-র মুখোমুখি হলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ১০ বছরের ব্যাঙ্ক লেনদেনের যাবতীয় নথি নিয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি সল্টলেকের ইডি দফতরে পৌঁছান। টানা ১১ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে সেখান থেকে বের হন তিনি। ইডি সূত্রে খবর, গত ৩০ সেপ্টেম্বরের পর আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগের তলবে বক্তব্যে অসঙ্গতি থাকায় এদিন ডিজিটাল ও কাগজের নথি সামনে রেখেই প্রাক্তন মন্ত্রীকে জেরা করেন তদন্তকারীরা।
ইডির অভিযোগ, ২০২২ সাল থেকে তিন বছর ধরে দুর্গাপুজোর বিশেষ ‘প্রিভিউ শো’-এর পাসের নামে প্রায় ১৪০ কোটি টাকার অর্থ তোলা হয়েছিল। পাশাপাশি সরকারি টেন্ডার ছাড়াই নিয়ম ভেঙে নিজের ঘনিষ্ঠদের সংস্থাকে ৮৫ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। তদন্তকারীদের দাবি, ইন্দ্রনীল সেনের নিজস্ব সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩.৮ কোটি টাকা নগদ জমা পড়েছিল। এই মামলায় আগে ইন্দ্রনীলের বাসভবন ও কার্যালয়সহ ১৫টি স্থানে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগই অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী।