একই ঘরে সবাই, তাও মশার নজর শুধু আপনার দিকেই? জেনে নিন আসল কারণ

একই ঘরে অনেকে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন কিংবা রাতে ঘুমিয়েছেন, অথচ দেখা গেল বাকিদের ছেড়ে মশা শুধু আপনাকেই কামড়ে লাল করে দিল! এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হয়েছেন। কিন্তু ভেবে দেখেছেন কি, একই পরিবেশে থেকেও কেন কিছু নির্দিষ্ট মানুষের প্রতি মশার এই বিশেষ আকর্ষন?
বিজ্ঞানীদের মতে, এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই, রয়েছে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। মশার রয়েছে তীক্ষ্ণ ইন্দ্রিয়শক্তি, যার সাহায্যে তারা বহুদূর থেকেই মানুষের শরীরের তাপমাত্রা, নিশ্বাসের সংকেত এবং ত্বকের গন্ধ নিখুঁতভাবে চিনে নিতে পারে।
বিজ্ঞান অনুযায়ী নির্দিষ্ট মানুষকে মশার বেশি কামড়ানোর প্রধান কারণগুলো:
- রক্তের গ্রুপ: গবেষণায় দেখা গেছে, ‘ও’ (O positive / O negative) গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তিদের প্রতি মশার আকর্ষণ ‘এ’ (A) বা ‘বি’ (B) গ্রুপের তুলনায় প্রায় দ্বিগুণ।
- কার্বন ডাই-অক্সাইডের আধিক্য: নিশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড দেখে মশা বহুদূর থেকে শিকার চিনে নেয়। তুলনামূলক ভারী শরীর, লম্বা ব্যক্তি কিংবা গর্ভবতী মায়েরা বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন বলে তাঁরা মশার প্রধান নিশানা হন।
- ত্বকের ব্যাকটেরিয়া ও শরীরের নিজস্ব গন্ধ: ত্বকে থাকা স্বাভাবিক ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে বিক্রিয়া করে এক ধরনের বিশেষ রাসায়নিক গন্ধ তৈরি করে। মানুষের ভেদে এই গন্ধ আলাদা হয় এবং কিছু নির্দিষ্ট গন্ধ মশাকে দ্রুত আকৃষ্ট করে।
- শরীরের উত্তাপ ও ঘাম: ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশার অত্যন্ত প্রিয়। যাঁদের শরীর বেশি গরম থাকে বা যাঁরা বেশি ঘামেন, তাঁদের মশা বেশি কামড়ায়।
- গাঢ় রঙের পোশাক: মশার দৃষ্টিশক্তি খুব জোরালো না হলেও তারা উজ্জ্বল আলো বা গাঢ় রঙ (যেমন কালো, নীল বা খয়েরি) সহজেই শনাক্ত করতে পারে। ফলে গাঢ় রঙের পোশাক পরলে মশার আক্রমণের ঝুঁকি বাড়ে।
- অ্যালকোহল সেবন: বিয়ার বা অন্য কোনো অ্যালকোহলজাত পানীয় পান করলে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, যা গবেষণার মতে মশার আক্রমণকে প্রায় দ্বিগুণ করে দেয়।
মশার কামড় থেকে বাঁচবেন যেভাবে:
শারীরিক গঠন বা রক্তের গ্রুপ পরিবর্তন করা সম্ভব না হলেও কিছু অভ্যাস বদলে মশার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব:
- গাঢ় রঙের বদলে হালকা রঙের সুতির পোশাক পরুন।
- শরীরে ঘাম জমতে দেবেন না, নিয়মিত মুছে ফেলুন।
- মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে ভালো মানের মশা তাড়ানোর রিপেলেন্ট বা স্প্রে ব্যবহার করুন।
ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে এই ছোট ছোট সতর্কতামূলক পদক্ষেপ আপনাকে সুরক্ষিত রাখতে পারে।