পুজোয় উপচে পড়া ভিড় সামলাতে রেলের বিরাট মাস্টারস্ট্রোক, রাতভর ছুটবে স্পেশাল ট্রেন!

দুর্গাপুজোয় যাত্রীদের রেকর্ড ভিড় সামলাতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুজোর দিনগুলিতে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে এক লাফে ৫১টি করা হয়েছে, যা গত বছর ছিল ৩১টি। এর মধ্যে রাতের দিকে মেন, নর্থ ও সাউথ শাখায় রাতভর চলবে ৩৮টি স্পেশাল ইএমইউ এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে আরও ১৩টি বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি, ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দীর্ঘপথের ট্রেনের ৮০টি অতিরিক্ত ট্রিপের পরিকল্পনাও রয়েছে। বুধবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা এই বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন।
যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলিতে দুপুর দুটোর পর থেকে সমস্ত লোকাল ট্রেন প্রতিটি স্টেশনে দাঁড়াবে এবং ১৮ অক্টোবর বিশেষ ব্যবস্থায় এসি লোকালও চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে পুজোর পাঁচদিন শিয়ালদহ স্টেশন চত্বরে সমস্ত ধরনের গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার ওয়ার রুম, সিসিটিভি নজরদারি, অতিরিক্ত টিকিট কাউন্টার, মেডিক্যাল বুথ এবং মোবাইল মেইনটেন্যান্স টিম মোতায়েন থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।