মাত্র ১০ টাকায় মিলবে নতুন জামা! পুজোর মুখে জেলায় জেলায় ‘নমো মল’ খোলার বড় সিদ্ধান্ত বিজেপির

দুর্গাপুজোর মরশুমে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য বিজেপি। পুজোর বাজারে কেনাকাটার খরচ সামলাতে হিমশিম খাওয়া নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে মাত্র ১০ টাকায় পুজোর নতুন জামাকাপড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষ্যে রাজ্যের জেলায় জেলায় গড়ে তোলা হবে অস্থায়ী ‘নমো মল’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের প্রশাসনিক সফল যাত্রাকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় স্তরে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচিরই অংশ হিসেবে বাংলায় বাস্তবায়িত হতে চলেছে ‘নমো মল’-এর পরিকল্পনা।
২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন। ২০২৬ সালের ৭ অক্টোবর তাঁর প্রশাসনিক প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ হল। এই বিশেষ মাইলফলক উপলক্ষে দেশের সাধারণ মানুষের সেবায় ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’।
রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, স্থায়ী শপিং মল না হলেও নির্দিষ্ট স্থানে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে ‘নমো মল’ চালানো হবে। ‘পুজোর জামা কাপড় কিনুন মাত্র ১০ টাকায়’—এই বার্তাকে সামনে রেখে প্রথম অস্থায়ী বিপণিটি বসতে চলেছে উত্তর ২৪ পরগনার জলহাটিতে। পুজোর আগে দু’দিনের জন্য সেখানে এই বিশেষ সুযোগ পাবেন সাধারণ মানুষ। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও চালু হবে এই ‘নমো মল’।