বাইকে দুষ্কৃতীর হামলা শুধুই ‘নাটক’! খড়্গপুরে বন্ধুর গুলিতে জখম অক্ষয়, পর্দাফাঁস করল পুলিশ
খড়্গপুর: খড়্গপুর শুটআউট কাণ্ডে সামনে এলো বিস্ফোরক তথ্য। বাইকে চেপে এসে দুষ্কৃতীদের গুলি চালানোর দাবি সম্পূর্ণ মিথ্যা। বস্তুত, বন্দুক নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়েছিল ১৫ বছরের কিশোর অক্ষয় ঝা। আইনি জটিলতা ও পুলিশের হাত থেকে বাঁচতে পুরো ঘটনার মিথ্যা ‘নাটক’ ফেঁদেছিল অক্ষয়েরই বন্ধু সাগর রাও। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় সাগরের বাড়িতে গিয়েছিল অক্ষয়। সেখানে একটি ৯ মিমি পিস্তল নিয়ে তারা নাড়াচাড়া করার সময় আচমকা অসাবধানতাবশত গুলি ছিটকে অক্ষয়ের বুকের কাছে কাঁধে লাগে। রক্তাপ্লুত অবস্থায় বন্ধুকে দেখে চরম আতঙ্কিত হয়ে পড়ে সাগর।
ঘটনার আকস্মিকতায় দিশাহারা হয়ে সাগর দ্রুত ফোনে তার আরও তিন বন্ধুকে ডেকে পাঠায়। বাড়িতে বসে পরিস্থিতি সামাল দেওয়ার ছক কষে তারা। এরপর সাগর একাই অক্ষয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে বিভ্রান্ত করতে সাজানো গল্প বলে। সাগর দাবি করেছিল, তারা দুজন বাইকে করে টিফিন করতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইকের দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সে বাইক চালাতে চালাতে নিচু হয়ে গেলেও দ্বিতীয় গুলিটি অক্ষয়ের গায়ে লাগে।
তবে তদন্তে নেমে সাগরের কথাবার্তায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। ঘটনার সত্যতা যাচাই করতে ওল্ড সেটেলমেন্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাগরকে কড়া জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্যি।
সাগরের স্বীকারোক্তির পর তার বাড়ি থেকে রক্তমাখা জামাকাপড়, একটি ৯ মিমি পিস্তল এবং ৩ রাউন্ড তাজা গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মূল অভিযুক্ত সাগর রাওকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বেআইনি অস্ত্র রাখার ষড়যুদ্ধে যুক্ত থাকার অভিযোগে সাগরের দুই বন্ধু বিশাল জানা (২২) ও কোলা যজ্ঞেশ্বর রাও ওরফে চিন্টুকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এই চক্রান্তে জড়িত চতুর্থ বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খড়্গপুরে কোনো অবৈধ অস্ত্র থাকতে দেওয়া হবে না এবং শহরজুড়ে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।