পাঁচ দিন জ্বর হলেই বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে কড়া ডেঙ্গু নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের!

রাজ্যে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণের জেরে নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন ও কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে এবং বর্তমানে ২৫৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবং মৃত্যুর ঝুঁকি কমাতে দ্রুত রোগ নির্ণয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু নির্ণয় করতে এনএস-১ অ্যান্টিজেন এলাইজা পরীক্ষা করতে হবে এবং পাঁচ দিন পেরিয়ে গেলে আইজিএম পরীক্ষা করাতে হবে। পাশাপাশি, জ্বরের প্রথম তিন থেকে পাঁচ দিন রোগীর শারীরিক অবস্থার ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের সতর্কবার্তা, জ্বর কমে যাওয়ার পরেও প্রকৃত ঝুঁকি থেকে যেতে পারে; তাই পেটে ব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ দেখা দিলেই অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।