মুখ্য নির্বাচন কমিশনারের ওপর বাড়ল খোদ কেন্দ্রের নজর! বিক্ষোভের জেরে বাড়ানো হল জ্ঞানেশ কুমারের Z+ নিরাপত্তা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে তুমুল রাজনৈতিক বিক্ষোভ এবং পদত্যাগের দাবির আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা আরও জোরদার করল কেন্দ্রীয় সরকার। তাঁর বাসভবন এবং নির্বাচন কমিশন অফিসের বাইরে নিরাপত্তা বলয় কড়া করার পাশাপাশি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লির নিউ মোতিবাগ কলোনিতে তাঁর বাসভবনের কাছাকাছি বিক্ষোভকারীরা পৌঁছে যাওয়ার পরই এই নজিরবিহীন পদক্ষেপ করেছে প্রশাসন। বর্তমানে তাঁর সুরক্ষার দায়িত্বে ৫৫ জনেরও বেশি সশস্ত্র অফিসার নিয়োজিত রয়েছেন।
এদিকে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করছে। বিরোধী জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য প্রবীণ নেতাদের নেতৃত্বে আজ আরও জোরদার বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি চলছে। সমস্ত ঝুঁকি ও নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে দিল্লি পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।