মহাকাশ থেকেও মিলল সাড়া, পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছানো এখন কয়েক মিনিটের খেলা!

ওড়িশার পুরীতে শ্রীজগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পথে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই গ্রিনফিল্ড প্রকল্পের জন্য অবশেষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ‘এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স’ এবং ‘কোস্টাল রেগুলেশন জোন’ (CRZ) ছাড়পত্র প্রদান করা হয়েছে। পুরীর বিখ্যাত শ্রীজগন্নাথ মন্দির থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সিপাসরুবালি এলাকায় প্রায় ৪৭১.৩৪৮ হেক্টর জমির ওপর নির্মিত হতে চলেছে এই বিমানবন্দর। প্রায় ৫,৬৩১ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পটির যাত্রী পরিষেবা তিনটি ধাপে বৃদ্ধি করা হবে—প্রথম ধাপে বার্ষিক ৪৬ লক্ষ, দ্বিতীয় ধাপে ১ কোটি ৬ লক্ষ এবং চূড়ান্ত ধাপে ১ কোটি ৬৬ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে পরিবেশগত দিক থেকে এই প্রকল্প নিয়ে বেশ কিছু উদ্বেগ প্রকাশ পেয়েছিল। বিশেষ করে বনভূমি ধ্বংস, অলিভ রিডলি কচ্ছপের আবাসস্থল, চিলিকা রামসার এলাকা এবং পরিযায়ী পাখির চলাচলের পথ সুরক্ষার বিষয়টি নিয়ে সতর্ক করেছিল ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এসব বিষয় মাথায় রেখে নির্দিষ্ট ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট প্ল্যান এবং ক্ষতি লাঘবের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে। এখন পরবর্তী ধাপে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) অনুমোদন লাভ এবং রাজযের পরিবহণ দফতরের সঙ্গে যৌথভাবে ডিপিআর (DPR) তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মূল নির্মাণকাজ শুরু করাই প্রশাসনের মূল লক্ষ্য।