মমতার আশ্রয়েই বিপুল অনুপ্রবেশ! শুভেন্দুর এই চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি
/indian-express-bangla/media/media_files/2026/09/29/ritu-ghosh-sma-treatment-17-crore-gene-therapy-suvendu-adhikari-janata-darbar-2026-09-29-16-43-17.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বামেদের বিরুদ্ধে এক বিস্ফোরক আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, গুজরাতের বিজেপি সরকার সে রাজ্য থেকে তিন লক্ষেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিতাড়িত করেছে। শুভেন্দুর প্রশ্ন, এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষাতেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘ ৫০ বছরের বাম ও তৃণমূল শাসন শুধুমাত্র বাংলার ক্ষতিই করেনি, বরং পশ্চিমবঙ্গের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত কার্যত খোলা রেখে জাতীয় নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ফেলে দিয়েছে।
ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীকে (BSF) প্রয়োজনীয় জমি দেওয়ার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি রাজ্যের তোষণের রাজনীতিরও তীব্র সমালোচনা করেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজ বাংলার সনাতনী ও জাতীয়তাবাদী সমাজ রক্ষা পেয়েছে। পূর্বে রাজ্যে দুর্গাপুজো বা রামনবমীর মিছিলের মতো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি পেতে মানুষকে আদালতের দ্বারস্থ হতে হত বলেও তিনি তোপ দাগেন। আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি শুভাকাঙ্ক্ষীদের ‘দেশ সবার আগে’ এই মন্ত্রে একজোট হওয়ার আহ্বান জানান।