হুমকি নাকি নিরাপত্তার মহড়া? হঠাৎ জ্ঞানেশ কুমারের বাসভবন ঘিরে ফেলার পর নেওয়া হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত!
/indian-express-bangla/media/media_files/2026/03/10/gyanesh-kumar-2026-03-10-13-42-44.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। এই বিক্ষোভের জেরেই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দিল্লিতে তাঁর বাসভবনের কাছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের কর্মী-সমর্থকদের প্রবেশের চেষ্টা ও লাগাতার বিরোধিতার প্রেক্ষাপটে নতুন করে হুমকির মাত্রা বিশ্লেষণ করা হয়েছে। এর পরপরই তাঁর বিদ্যমান Z+ ক্যাটাগরির সুরক্ষাবলয়কে আরও শক্তপোক্ত করার পাশাপাশি নিউ মোতি বাগের বাসভবনে অতিরিক্ত সশস্ত্র পুলিশ পিকেট, কড়া তল্লাশি এবং ২৪ ঘণ্টার নজরদারি নিশ্চিত করতে কম্যান্ডো ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
সুরক্ষার এই কড়া আঁচ পৌঁছেছে নয়াদিল্লির অশোক রোডে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’-এও। যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে ভবনের ভেতরের সামগ্রিক নিরাপত্তায় অতিরিক্ত সিআইএসএফ (CISF) কর্মী মোতায়েনের পাশাপাশি বাইরে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF), সিআরপিএফ এবং দিল্লি পুলিশের সমন্বয়ে এক ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আগে থেকেই Z+ সুরক্ষায় ৫৫ জনের অধিক কেন্দ্রীয় ও দিল্লি পুলিশের জোয়ান দায়িত্বে থাকলেও, সম্প্রতি বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন ও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের কারণেই কমিশনের পুরো ক্যাম্পাস ঘিরে এই অভূতপূর্ব প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে।