ব্যাঙ্কশাল আদালতে আইনজীবী নিগ্রহে কড়া পদক্ষেপ! গ্রেফতার বিজেপি নেতা কুশল পান্ডে, স্থগিত লালবাজার অভিযান

ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের একাংশের ওপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত বিজেপি নেতা কুশল পান্ডেকে গভীর রাতে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতকে আদালতে পেশ করার পর তিনি পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। মূল অভিযুক্ত গ্রেফতার হতেই আইনজীবীদের পূর্বঘোষিত লালবাজার অভিযান স্থগিত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ইউটিউবার দীপক ব্যাপারীর গ্রেফতারিকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দীপককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে একদল বিক্ষোভকারী তাঁর দিকে ডিম ছুড়তে শুরু করেন। আদালতে উপস্থিত কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ করলে বিক্ষোভকারীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে ও মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। পাশাপাশি বৃহস্পতিবার লালবাজার অভিযানের কর্মসূচিও নেওয়া হয়। পুলিশ আগেই দু’জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত ধরা না পড়ায় অচলাবস্থা তৈরি হয়েছিল।
অবশেষে হেয়ার স্ট্রিট থানার পুলিশ মূল অভিযুক্ত কুশল পান্ডেকে গ্রেফতার করায় আন্দোলনের গতিপথ বদলায়। ব্যাঙ্কশাল আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানান, প্রধান অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আপাতত লালবাজার অভিযান স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী বৈঠকের পর আইনজীবীরা তাঁদের ভবিষ্যৎ পদক্ষেপ স্থির করবেন। তবে আইনজীবীদের একাংশের মতে, এই হামলায় আরও অনেকে যুক্ত ছিলেন। সব অভিযুক্তকে শনাক্ত করতে মূল অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
এদিন নিরাপত্তার খাতিরে হেলমেট পরিয়ে কুশলকে আদালতে পেশ করা হয়। তাঁর পক্ষে কোনও আইনজীবী না থাকায় বিচারক সরাসরি তাঁর বক্তব্য শোনেন। আদালতে কুশল জানান, “আইনজীবীদের সঙ্গে আমার কোনও বিবাদ নেই। ঘটনাটি ঘটেছিল এক ভুল বোঝাবুঝির কারণে, কারণ সেই সময় আইনজীবীরা তাঁদের নির্দিষ্ট পোশাক বা গাউনে ছিলেন না। আমার রাজনৈতিক জীবনে এর আগে এমন কোনো দাগ নেই।” বিচারকের কাছে পুরো ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেন ও ক্ষমা চান।