কলকাতায় অভিনেত্রীর সঙ্গে হেনস্তার অভিযোগ! অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে খুঁজতে পুলিশের বড় পদক্ষেপ

টলিউড অভিনেত্রী সম্পিতা প্রামাণিকের সঙ্গে রাতের কলকাতায় ঘটে গেল এক ভয়াবহ ও শিহরণ জাগানো ঘটনা। টালিগঞ্জের স্টুডিও থেকে শুটিং শেষ করে অ্যাপ ক্যাবে বাড়ি ফেরার পথে লোকেশন ও ভাড়া নিয়ে চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। রাসবিহারী মোড়ের কাছে কালীঘাট মেট্রো স্টেশনের সামনে অভিনেত্রীকে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য করে চালক। গাড়ির ভেতরে থেকে যাওয়া ব্যাগ আনতে জানালার ভেতরে হাত বাড়াতেই তড়িঘড়ি গাড়ি চালিয়ে দেয় অভিযুক্ত চালক। প্রাণের তাগিদে গাড়ির দরজা চেপে ধরলেও থামেনি চালক, বরং অভিনেত্রীকে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে চলে। বাধ্য হয়ে হাত ছেড়ে দিলে ছিটকে পড়ে অন্য একটি গাড়ির ধাক্কায় আহত হন তিনি এবং চালক ব্যাগ নিয়ে চম্পট দেয়।
উত্তর কলকাতার টালা এলাকার বাসিন্দা ওই অভিনেত্রী পথচারীদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার পান। প্রাথমিক চিকিৎসার পর তিনি কালীঘাট থানায় উপস্থিত হয়ে ক্যাব চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং গাড়ির নম্বর ও বিবরণ পুলিশকে জানান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কালীঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। রাসবিহারী ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ক্যাব চালকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পুলিশ আশ্বাস দিয়েছে, অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।