নৌসেনাকর্মীদের টার্গেট করে পাক সুন্দরীদের ভয়ংকর ফাঁদ! ব্ল্যাকমেলে ফাঁস গোপন তথ্য

সমাজমাধ্যমে বন্ধুত্ব এবং প্রেম-যৌনতার প্রলোভন দেখিয়ে ভারতীয় নৌসেনার গোপন তথ্য হাতিয়ে নেওয়ার একটি বড় চক্রের পর্দাফাঁস করল অন্ধ্রপ্রদেশ কাউন্টার ইন্টেলিজেন্স সেল। সম্প্রতি বিশাখাপত্তনমের নৌসেনাঘাঁটির এক গাড়িচালক আন্নাম সাই ভারাপ্রসাদকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় জাহাজ নির্মাণ সংস্থার কর্মী পরিচয়ে তাঁর সঙ্গে এক নারীর পরিচয় হয়। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে ওই তরুণী আন্নামের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গোপন তথ্য হাতাতে শুরু করেন। এরপর যৌনগন্ধী বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেল এবং গ্রেপ্তারির ভয় দেখানো হয় বলে অভিযোগ।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আন্নামের মতো একই কৌশলে দেশের দশটি রাজ্যের অন্তত ষোলজন নৌসেনাকর্মীকে এই হানিট্র্যাপে বা প্রেম-যৌনতার ফাঁদে ফেলে সংবেদনশীল তথ্য পাচার করা হয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতেই এই চক্রটি পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার এই বিপজ্জনক অপচেষ্টা রোধে নড়েচড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি এখন এই নেটওয়ার্কের শিকড় সন্ধান করতে দেশজুড়ে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে।