পিতৃপক্ষে ঘর পরিষ্কার করা কি নিষেধ? জানুন আসল সত্য!

উৎসবের মরসুমে ঘরবাড়ি পরিষ্কার করে ঝকঝকে ও নতুন রূপ দেওয়া এক পুরনো রীতি। তবে দুর্গাপুজোর ঠিক আগে পিতৃপক্ষ চলাকালীন ঘর পরিষ্কার করা নিয়ে সাধারণ মানুষের মনে নানা সংশয় ও ভ্রান্ত ধারণা দানা বাঁধে। বহু গৃহস্থের বিশ্বাস, এই সময়ে পিতৃপুরুষদের তর্পণ ও জল দেওয়ার কারণে ঘর থেকে ঝুল বা ময়লা পরিষ্কার করা একেবারেই অনুচিত। কিন্তু শাস্ত্র বিশেষজ্ঞদের স্পষ্ট মত, এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনার হাতে সময় থাকলে মহালয়ার আগেও দিব্যি ঘর পরিষ্কার করে নেওয়া যায়, এতে কোনো অমঙ্গল হওয়ার প্রশ্নই নেই।
আসন্ন ১০ অক্টোবর পালিত হতে চলেছে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া, যা পিতৃপক্ষের অন্তিম লগ্ন হিসেবে পরিচিত। এই বিশেষ সময়ের আগে ঘর থেকে কিছু নির্দিষ্ট অপ্রয়োজনীয় জিনিস অবিলম্বে ফেলে দেওয়া অত্যন্ত জরুরি। শাস্ত্রমতে, ঘরে বন্ধ থাকা ঘড়ি, ভাঙা বাসন, ছেঁড়া জামাকাপড় কিংবা পুরনো লোহার ভাঙা জিনিস জমিয়ে রাখা মোটেও উচিত নয়। এগুলি দ্রুত সরিয়ে ফেললে অন্দরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রভাবে জীবনে সৌভাগ্য ফিরে আসে।