বারাণসীতে মাথা তুলছে ৮০ কোটির ‘পশ্চিমবঙ্গ ভবন’! পর্যটকদের জন্য তৈরি হচ্ছে ৯ তলার তাক লাগানো অতিথিশালা

বারাণসীতে পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার্থে প্রায় ২ একর জমিতে ৮০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক অতিথিশালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বারাণসীর সোনারপুরায় ঐতিহ্যবাহী কোচবিহার কালীবাড়ি চত্বরে গড়ে উঠতে চলা এই ৯ তলা ‘পশ্চিমবঙ্গ ভবন’-এ ভূগর্ভস্থ পরিকাঠামোর পাশাপাশি ৬০টি গেস্ট রুম ও ১০টি বিলাসবহুল স্যুট রাখা হবে। সেই সঙ্গে প্রাচীন কালীমন্দির ও ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
সম্প্রতি এই প্রস্তাবিত প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য ও প্রশাসনের প্রতিনিধিরা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নতুন এই অতিথিশালায় রেস্তরাঁ, কফি শপ, ব্যাঙ্কোয়েট হল, জিম, লাইব্রেরি এবং সুবিশাল পার্কিং জোন থাকবে। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাঙালি শিল্প, সাহিত্য, খাবার ও কোচবিহারের রাজকীয় ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পর্যটন চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে।