এক বোতল জলে ত্রিশ টাকার ফাজিল দাম হাঁকাই কাল হলো সিনেমা হলের!

সিনেমা দেখতে গিয়ে বেশি দামে জলের বোতল কিনতে বাধ্য হওয়া এক ভোক্তার দীর্ঘ লড়াইয়ের ঐতিহাসিক জয় মিলল। ২০১৬ সালে পাটনার একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সময় বাইরে থেকে জলের বোতল নিয়ে যেতে বাধা দেওয়া হয় রজত তিওয়ারি নামের এক দর্শককে। এরপর হলের ভেতরে বাধ্য হয়ে তাঁকে ২০ টাকার জলের বোতল কিনতে হয় ৫০ টাকায়। অন্যায্য এই ব্যবসায়িক কার্যকলাপের বিরুদ্ধে অনড় থেকে তিনি সোজা দ্বারস্থ হন ক্রেতা সুরক্ষা আদালতের। দীর্ঘ এক দশকের আইনি যুদ্ধ শেষে অবশেষে সত্যের জয় হলো এবং আদালত মাল্টিপ্লেক্স ও জল সরবরাহকারী সংস্থাকে উপযুক্ত শিক্ষা দিল।
পাটনার ক্রেতা সুরক্ষা আদালত ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থাকে মোট ৮৫,০০০ টাকা জরিমানার কড়া নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে বাইরে থেকে জল নিয়ে যেতে বাধা দেওয়া এবং ভেতরে চড়া দামে তা বিক্রি করা মারাত্মক নিয়ম লঙ্ঘন। ক্ষতিপূরণ হিসেবে অভিযোগকারীকে মানসিক যন্ত্রণার জন্য ২৫,০০০ টাকা ও আইনি খরচের ১০,০০০ টাকা দেওয়ার পাশাপাশি বাকি ৫০,০০০ টাকা রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। উভয় সংস্থাকেই আগামী ৪৫ দিনের মধ্যে এই নির্দেশ পালন করে সম্পূর্ণ অর্থ মিটিয়ে দিতে বলা হয়েছে।