পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা! পুজো কমিটিগুলির জন্য বড় চমক

দুর্গাপুজোয় পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকারের তরফে চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগের ওপর ভিত্তি করে সেরা পুজো কমিটিগুলিকে এই আর্থিক পুরষ্কার দেওয়া হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যস্তরে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থানে ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থানে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি জেলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।
এই সম্মানের জন্য ইতিমধ্যেই প্রায় দুই হাজার পুজো কমিটি আবেদন জানিয়েছে। আগ্রহীরা বিশেষ ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ বা ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনকারী মণ্ডপগুলির পরিবেশবান্ধব পদক্ষেপ খতিয়ে দেখে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি শেষপর্যন্ত সেরাদের বাছাই করবে। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে পুজোমণ্ডপের স্টল থেকে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।