দুর্গাপুজোয় কি পণ্ড হবে আনন্দ? নিম্নচাপের ভ্রূকুটিতে পঞ্চমীতেই বৃষ্টির শঙ্কা!

চলতি বছরের দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রূকুটি কাটছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা বাড়ছে। মহালয়ার আগে থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে সাধারণ মানুষের কেনাকাটা ও প্রস্তুতি ব্যাহত হয়েছে। এবার সেই দুর্যোগ পুজোর দিনগুলিতেও স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার নিম্নচাপটি তৈরি হওয়ার পর এর গতিপ্রকৃতি স্পষ্ট হবে। তবে প্রাথমিক অনুমান বলছে, চতুর্থী বা পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এই নিম্নচাপের জেরে পুজোর আনন্দ কিছুটা ম্লান হতে পারে বলে মনে করা হচ্ছে।