ইম্ফল থেকে সিঙ্গাপুর ৩ হাজার কিলোমিটারের ঐতিহাসিক বিদ্যুৎ মেগা প্রকল্প ভারতের

আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে সিঙ্গাপুরের সঙ্গে ঐতিহাসিক ৩,০০০ কিলোমিটার দীর্ঘ পাওয়ার ইন্টারকানেকশন করিডোর গড়ে তোলার মেগা পরিকল্পনা নিয়েছে ভারত। সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত পূর্ব এশিয়া সামিটের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের বিদ্যুৎ ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। প্রস্তাবিত এই গ্রাউন্ড ট্রান্সমিশন ব্যবস্থার মাধ্যমে ভারতের ইম্ফল থেকে মায়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া এই সীমান্ত পারাপার বিদ্যুৎ পরিকাঠামো মূলত এশীয় অঞ্চলে জ্বালানি আদান-প্রদানে গতি আনবে।
এই মেগা বিদ্যুৎ করিডোর কেবল আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যকেই তরান্বিত করবে না, বরং সমগ্র অঞ্চলে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়াতে যুগান্তকারী ভূমিকা নেবে। ভারতের পরিকল্পনা অনুযায়ী, এই পরিকাঠামো এশীয় দেশগুলোর মধ্যে শক্তি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গ্রিন হাইড্রোজেন ও আধুনিক প্রযুক্তির প্রসার নিশ্চিত করবে। জাতীয় প্রতিষ্ঠানসমূহ যেমন পাওয়ার গ্রিড কর্পোরেশন, এনটিপিসি এবং সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির কারিগরি সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হবে। এছাড়া পেট্রোলিয়াম রিজার্ভ, এলএনজি সরবরাহ ব্যবস্থা ও ব্যাটারি স্টোরেজের মতো উদীয়মান খাতেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির রূপরেখা নির্ধারণ করা হয়েছে।