দেবীপক্ষের সূচনায় ডোনা গঙ্গোপাধ্যায়ের চমক জাদুঘরের মঞ্চে দুর্গারূপে আবির্ভূত বিশিষ্ট নৃত্যশিল্পী

শরতের আমেজ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কলকাতায় পুজো উৎসবের জোয়ার এসেছে। ভারতীয় জাদুঘরের ঐতিহাসিক সেন্ট্রাল কোর্টিয়ার্ডে ১১ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ ‘দেবী দুর্গা’ উৎসব। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, ইন্ডিয়ান মিউজিয়াম এবং ‘শী কাঁথা’-র যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক উদযাপনের মূল আকর্ষণ ১২ অক্টোবর সন্ধ্যার বিশেষ অনুষ্ঠান। এদিন ‘দীক্ষামঞ্জরী’-র প্রযোজনায় পরিবেশিত হবে ধ্রুপদী নৃত্য-গীতি আলেখ্য ‘রূপং দেহি, জয়ং দেহি’।
এই বিশেষ আলেখ্যে ওড়িশি নৃত্যের ধ্রুপদী মহিমায় স্বয়ং দেবী দুর্গার রূপে মঞ্চে উপস্থিত হবেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর নৃত্য পরিচালনায় এবং রঘুনাথ দাসের মহিষাসুর অভিনয়ে শুভ শক্তির জয়গান জীবন্ত হয়ে উঠবে। দক্ষিণায়ন ইউকে-র কর্ণধার ডক্টর আনন্দ গুপ্তের সংগীত পরিচালনা, স্তোত্র পাঠ ও কালজয়ী ধারাবর্ণনায় যুক্তরাজ্য ও কলকাতার প্রায় ১৪ জন শিল্পীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে। উদ্যোক্তাদের মতে, আধ্যাত্মিক আবহ ও নারী শক্তির এই আরাধনা সমাজ থেকে অন্যায় ও ভীতি দূর করার এক অনন্য বার্তা বহন করে।