বিজেপির প্রস্তাব সরাসরি ফেরালেন চিরঞ্জিত! রাজনীতি ছাড়ার পর বিস্ফোরক প্রাক্তন বিধায়ক

বারাসাতের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দাবি করেছেন যে তাঁর কাছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরফ থেকে যোগদানের প্রস্তাব এসেছিল।তবে তিনি সেই প্রস্তাব এককথায় ফিরিয়ে দিয়েছেন।সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানান যে তিনি জন্মগতভাবে কোনও রাজনৈতিক ব্যক্তি নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি পূর্বে রাজনীতিতে প্রবেশ করেছিলেন এবং ২০১১, ২০১৬ ও ২০২১ সালে বারাসাত কেন্দ্র থেকে জয়ী হন। তবে বয়স ও কর্মক্ষমতা কমে যাওয়ায় তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী হতে চাননি এবং রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন।
ওই অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের কাজের প্রশংসাও করতে দেখা যায় প্রাক্তন এই তারকা বিধায়ককে। তিনি মন্তব্য করেন যে কেন্দ্র ও রাজ্য একই দলের নিয়ন্ত্রণে থাকায় এখন আর বঞ্চনার অভিযোগ তোলার জায়গা নেই। একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেন যে বর্তমান নেতৃত্ব সঠিক পথে কাজ চালিয়ে গেলে বাংলার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিরও প্রভূত উন্নতি হবে। রাজনীতিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর পর বর্তমানে তিনি অভিনয়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি নিজের নতুন ইউটিউব চ্যানেলে কবিতা, গান ও আঁকার মতো বিভিন্ন সৃষ্টিশীল কাজে সময় কাটাচ্ছেন।