অল্প বিনিয়োগে নিশ্চিত ভবিষ্যৎ, ৫ কোটি জমাতে কত সঞ্চয় করবেন

২৫ বছর বয়সে কর্মজীবন শুরুর সময় বড় অঙ্কের বিনিয়োগ করা কঠিন মনে হতে পারে ঠিকই, কিন্তু প্রতি মাসে সামান্য পরিমাণ অর্থ সঞ্চয় করেও অবসরের সময় আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন। চাকরি জীবনের শুরু থেকেই আপনি যদি আপনার সঞ্চয় সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, তাহলে ভবিষ্যতে আপনি কোনওদিনই টাকা-পয়সা নিয়ে সমস্যায় পড়বেন না। ২৫ বছর বয়সে প্রথম চাকরি শুরুর পাশাপাশি আপনি যদি মাত্র ৪,৫০০ টাকার মাসিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি শুরু করেন, তবে ১২ শতাংশ ও ১৫ শতাংশ আনুমানিক রিটার্নের ভিত্তিতে একটি বড় তহবিল গড়ে তুলতে পারেন।
বিনিয়োগে যদি বার্ষিক গড়ে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়, তবে মাসে ৪,৫০০ টাকার এসআইপির মাধ্যমে ৩৩ বছরে ৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এক্ষেত্রে আপনার নিজের পকেট থেকে বিনিয়োগ করা অর্থের পরিমাণ হবে মাত্র ১৭ লক্ষ ৮২ হাজার টাকা এবং বাকি চার কোটি ৭৭ লক্ষ টাকারও বেশি অর্থ সম্পূর্ণভাবে আসবে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে অর্জিত আয় থেকে। অন্যদিকে, যদি ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়, তবে একই লক্ষ্য অর্জনে ৪০ বছর সময় লাগবে এবং ৬৫ বছর বয়সে আপনার পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ টাকার তহবিল গড়ে উঠবে। কম্পাউন্ডিংয়ের ক্ষমতার সুবাদে আপনি যত আগে বিনিয়োগ শুরু করবেন, আপনার অর্থ তত দ্রুত বৃদ্ধি পাবে।