চেন্নাইয়ে মোদি-বিজয়ের মেট্রো সফর! ৪৯০০ কোটির নতুন রুটে চালু ড্রাইভারলেস পরিষেবা

রবিবার চেন্নাই মেট্রো ফেজ ২-এর পুনামাল্লি বাইপাস থেকে ভাদাপালানি পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ নতুন রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে টিকিট কেটে পরুর বাইপাস থেকে পুনামাল্লি পর্যন্ত মেট্রো সফরও করেন তিনি। প্রায় ৫০০ জন ভারতনাট্যম শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্টেশনে স্বাগত জানানো হয়। আগামী সোমবার থেকেই এই নতুন রুটে সাধারণ যাত্রীদের জন্য নিয়মিত মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে।
প্রায় ৪৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশেষ মেট্রো রুটে রয়েছে মোট ১১টি আধুনিক স্টেশন। এর মধ্যে ৩.৭ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন ‘ডবল ডেকার স্ট্রাকচার’ এবং নিরাপদ যাতায়াতের জন্য উন্নত ড্রাইভারলেস সিগন্যালিং ব্যবস্থা। এই নতুন পরিষেবা চালুর ফলে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যাতায়াত অত্যন্ত সহজ ও দ্রুত হবে। মেট্রো ছাড়াও এই তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী সড়ক, রেল এবং আইআইটি মাদ্রাজসহ মোট ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।