২৪ ঘণ্টা পর জেল থেকে বেরিয়েই হুঙ্কার ককরোচ নেতাদের! রাজধানীতে কি বড় কিছুর পূর্বাভাস?

২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর রবিবার সকালে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম সারির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনুমতি ছাড়াই যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তাঁরা। তবে শনিবার দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই তাঁদের আটক করে পুলিশ। মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠকে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর স্পষ্ট বার্তা দেন এই শীর্ষ নেতারা। দিল্লি পুলিশের ভূমিকাকে তীব্র ভাষায় আক্রমণ করে তাঁদের দাবি, বর্তমান সরকারের অবস্থা এখন টালমাটাল এবং এই পরিস্থিতিতে দেশবাসীকে প্রতিবাদ জারি রাখার আকুল আবেদন জানান তাঁরা।
সাংবাদিক সম্মেলনে ককরোচ নেতারা অভিযোগ তোলেন, গত ৭২ ঘণ্টায় যে ধরনের দমন-পীড়ন চলেছে তা জরুরি অবস্থাকেও হার মানায়। আটক নয়, বরং তাঁদের অপহরণ করা হয়েছিল এবং অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ সিজেপি মুখপাত্রের। স্বজন হারানোর খবর জানা সত্ত্বেও পুলিশি আচরণ নিষ্ঠুর ছিল বলে জানান দীপকে। দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় আটক করার পর তিন নেতাকে আলাদা আলাদা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এর পাশাপাশি গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকেও আটক করেছিল পুলিশ। শত প্রতিকূলতা সত্ত্বেও আন্দোলন থেকে পিছিয়ে না আসার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিজেপি নেতারা।