ভারতীয় নৌসেনায় নতুন ‘হান্টার’! শত্রু সাবমেরিন ধারে ঘেঁষলেই কি ছুটবে টর্পেডো?

ধ্বংসাত্মক টর্পেডো নিয়ে গভীর জলের ত্রাস এবার ভারতীয় নৌসেনায় যুক্ত হলো অ্যান্টি সাবমেরিন শ্যালো ওয়াটার ক্র্যাফট আইএনএস মাংরোল। সোমবার মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে এই রণতরীটি নৌসেনার বহরে অন্তর্ভুক্ত করা হয়। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত এই জলযানটিতে ৮০ শতাংশের বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে অগভীর জলে শত্রু পক্ষের সাবমেরিনের গতিবিধি রোধ করতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সমুদ্রপথে নিরাপত্তা রক্ষা ও কৌশলগত প্রস্তুতি বজায় রাখতে এই দেশীয় যুদ্ধজাহাজটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এতে তিনটি শক্তিশালী ডিজেল ইঞ্জিনের পাশাপাশি আধুনিক অভয় সোনার, লাইটওয়েট টর্পেডো এবং দেশীয় রকেট লঞ্চার যুক্ত রয়েছে। এর ফলে উপকূলবর্তী সংবেদনশীল এলাকায় নজরদারি আরও জোরদার হবে এবং যেকোনো সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে।