পুজোর মুখে তৃণমূলের মিছিল নিয়ে মমতাকে চরম কটাক্ষ শুভেন্দুর, বললেন— ‘এগুলো না করাই ভালো’

দিল্লির পর এবার খোদ তিলোত্তমায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরাট মিছিলের ডাক দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ায় দুপুর দুটোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পা মেলাবেন। তবে উৎসবের মরশুমে এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। বিষয়টিতে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতা পুলিশকেও এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
মমতার মিছিল প্রসঙ্গে ঠিক কী বলেছেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, বয়সে বড় হওয়ার সুবাদে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন যে, এই ধরণের রাজনৈতিক কর্মসূচি পুজো ও উৎসবের মরশুমে না করাই ভালো। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, কলকাতা পুলিশকে নিশানা করে শুভেন্দুর বার্তা, মিছিল যেখান থেকে শুরু হবে, পুলিশ যেন সেই নির্দিষ্ট এলাকাতেই তা শেষ করে দেয়। যদিও এই মিছিলের প্রশাসনিক অনুমতি শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কর্মসূচি নিয়েও তাঁকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর সরাসরি অভিযোগ, রাজধানীতে গিয়ে ‘দিমাগী নকশালদের’ সাথে হাত মিলিয়ে দেশ ভাঙার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছেন মমতা।
পাশাপাশি, অতীতের তৃণমূল কংগ্রেস গঠনের প্রেক্ষাপট টেনেও শাসক শিবিরকে আক্রমণ করতে ছাড়েননি নন্দীগ্রামের বিধায়ক। তাঁর দাবি, মূলতো সিপিএমের শাসনকালের বিরোধিতা করার জন্যই একসময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। অথচ আজ রাজনৈতিক পরিস্থিতির জেরে সেই দলকেই সিপিএম নেতা এম এ বেবির সমর্থন বা সান্নিধ্য নিতে হচ্ছে বলে তীব্র কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রচারপত্রে আজকের এই কর্মসূচিকে একটি ‘বিপুল প্রতিবাদ মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ দুপুর থেকেই কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস চত্বরে এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।