অবশেষে বরফ গলল? মোদিকে কটাক্ষ মামলায় রাহুলকে ঘিরে সুপ্রিম কোর্টের চমকপ্রদ সিদ্ধান্ত!

২০১৮ সালের রাফায়েল চুক্তি সংক্রান্ত বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওই সময় রাজস্থানের এক জনসভায় তিনি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘কমান্ডার-ইন-থিফ’ ও ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করেন। এর প্রেক্ষিতে মুম্বইয়ের গিরগাঁও ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বিজেপি কর্মী এম এইচ শ্রীশ্রীমল। পরে বোম্বে হাইকোর্ট রাহুলের আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টের দরবারে উপস্থিত হন।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও অপরেশ কুমার সিংয়ের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে চলা এই মানহানি মামলার সমস্ত আইনি কার্যক্রমে স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে শীর্ষ আদালত মহারাষ্ট্র সরকার ও মূল অভিযোগকারীকে চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া স্থগিত থাকায় রাজনৈতিক মহলে রাহুলের এই সাময়িক জয়কে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।