ক্যানসারের ওষুধে বিপুল মুনাফা! কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, কপাল পুড়ছে অসাধু ব্যবসায়ীদের?

ক্যানসারের ওষুধের দামে নজরদারি চালাতে এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে পেশ করা এক হলফনামায় জানানো হয়েছে, দেশের বেশ কিছু স্থানে খুচরো বিক্রেতারা অতিরিক্ত মুনাফা বা মার্জিন রেখে স্থানীয় ব্র্যান্ডের প্রচার ও বিক্রি করছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ধরনের কার্যকলাপের তদন্ত শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিশদ আলোচনার পর এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগের শুনানিতে শীর্ষ আদালত ক্যানসারের ওষুধের অস্বাভাবিক দাম নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল। আদালত প্রশ্ন তোলে, কীভাবে মাত্র ২,৭০০ টাকার ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য (এমআরপি) ২৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে? অভিযোগ স্বীকার করে কেন্দ্র জানায়, হাসপাতালগুলি উচ্চ ট্রেড মার্জিন প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে ওষুধ কিনে তা রোগীদের কাছে এমআরপি-তেই বিক্রি করছে। এই মার্জিনের পরিমাণ প্রায় ১৭০ থেকে ৭০০ শতাংশ বা তারও বেশি।