রামের চরিত্রে অভিনয় নিয়ে চরম উদ্বিগ্ন রবি কিষাণ!

অযোধ্যার ঐতিহাসিক রামলীলায় এবার ভগবান শ্রীরামের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও সাংসদ রবি কিষাণকে। আগামী ১৯ ও ২০ অক্টোবর দিল্লিতে আয়োজিত এই বিশেষ নাটকের আয়োজন করা হয়েছে, যা দূরদর্শন, ওটিটি এবং ইউটিউবের মাধ্যমে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে। এর আগে পরশুরাম, কেবট কিংবা কৃষ্ণ চরিত্রে অভিনয় করলেও, এবারই প্রথম শ্রীরামের মতো মর্যাদাপূর্ণ রূপ ধারণের সুযোগ পেয়েছেন তিনি। পুরোহিতের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই রামায়ণের গল্প শুনে বড় হওয়া এই অভিনেতার কাছে এই অভিজ্ঞতা শুধুমাত্র একটি অভিনয় নয়, বরং গভীর শ্রদ্ধা ও অনুভূতির বিষয়।
বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের সামনে সরাসরি মঞ্চে অভিনয় করা নিয়ে মনের মধ্যে এক ধরনের ভয় ও উদ্বেগের কথা প্রকাশ করেছেন তিনি। সংবাদমাধ্যম ‘এইচটি সিটি’-কে দেওয়া সাক্ষাৎকারে রবি কিষাণ জানান, লাইভ মঞ্চে চরিত্রের মর্যাদা, নম্রতা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এক বিরাট দায়িত্ব। ক্যামেরার সামনের অভিনয়ের সঙ্গে মঞ্চের অভিনয়ের বিস্তর পার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল সংলাপ মুখস্থ করলেই হবে না, বরং সঠিক অভিব্যক্তি ও সংযম ফুটিয়ে তোলাই আসল চ্যালেঞ্জ। শ্রীরামের চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি ঈশ্বরের কাছে শক্তি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।