চিন সীমান্তের কাছে জ্বলছে বিদ্রোহের আগুন! বাস্তুচ্যুত ১ লাখ মানুষ?

চিন সীমান্তের কাছে জ্বলছে বিদ্রোহের আগুন! বাস্তুচ্যুত ১ লাখ মানুষ?

অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় ১১,২০০ মেগাওয়াটের সিয়াং আপার বহুমুখী প্রকল্পের সমীক্ষা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। চিনের মেগা বাঁধ ও ‘ওয়াটার বোম’-এর কৌশলগত হুমকি রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার এই প্রকল্প নির্মাণে বদ্ধপরিকর হলেও, আদিবাসী আদি (Adi) সম্প্রদায় তীব্র বিরোধিতা শুরু করেছে। সিআইএসএফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভের আগুন আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিয়াং উপত্যকার সার্বিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

মূলত বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা, জীবিকা এবং পূর্বপুরুষের ভিটেমাটি হারানোর ভয় থেকেই এই আন্দোলনের জন্ম। আপার সিয়াং ইন্ডিজিনাস ফার্মার্স ফোরামের দাবি, মেগা বাঁধের জলাধারের ফলে প্রায় ২৭টি গ্রাম পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে এবং ১ থেকে ১.৫ লক্ষ মানুষ গৃহহীন হবেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা, ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও চিনের জলবায়ু আগ্রাসন প্রতিহত করার যুক্তি দিচ্ছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু স্থানীয় নেতৃত্বকে আলোচনার আহ্বান জানালেও, নিজের ধর্ম, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় আপসহীন অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে স্থানীয় আদিবাসী সমাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *