‘বিচারব্যবস্থাকে মশকরা বানিয়েছেন!’ স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসনার মুখে প্রশান্ত বর্মন ও রাজ্য সরকার

‘বিচারব্যবস্থাকে মশকরা বানিয়েছেন!’ স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসনার মুখে প্রশান্ত বর্মন ও রাজ্য সরকার

স্বর্ণ ব্যবসায়ী খুন মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে চরম বিপাকের মুখে পড়লেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। তাঁর বিশেষ আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, মামলার শুনানিকালে প্রশান্ত বর্মনের আইনজীবী এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভপ্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ।

সুপ্রিম কোর্টে কী বললেন বিচারপতিরা?

শুনানির শুরুতেই প্রশান্ত বর্মনের আইনজীবীকে তীব্র আক্রমণ করে বিচারপতি অরবিন্দ কুমার স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা কি মামলায় সওয়াল করতে চান? যদি চান, তাহলে আমরা এমন তীব্র প্রতিক্রিয়া জানাব, যা আগে কখনও দেখা যায়নি। বিচারব্যবস্থাকে মশকরার বিষয় করে তুলেছেন। আমরা আপনাকে আপনার পিটিশন প্রত্যাহারের অনুমতিও দেব না।”

পাশাপাশি, রাজ্য সরকারের ভূমিকা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করে বিচারপতি কুমার বলেন, “আপনারা কী করছেন? আপনারা কি অভিযুক্তের সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন? আদালতের নির্দেশের পরেও আপনারা তাঁকে গ্রেফতার করতে পারেননি? আপনাদের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থান নেব। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন ব্যক্তি গোটা বিচার ব্যবস্থাকে উপহাসের বিষয়বস্তুতে পরিণত করেছেন এবং হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁকে কেন এখনও আইনের আওতায় আনা গেল না, তা অত্যন্ত প্রশ্নবিজনক।

ঠিক কী ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ?

এর আগে গত ৬ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল— আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তাঁর সমস্ত বেতন অবিলম্বে বন্ধ করার এবং নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

তবে অভিযোগ ওঠে, কলকাতা হাইকোর্টের সেই কড়া নির্দেশকে পাত্তা না দিয়ে আত্মসমর্পণ না করে উল্টে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন প্রশান্ত বর্মন। কিন্তু শীর্ষ আদালত তাঁর সেই আবেদন সরাসরি খারিজ করে দেওয়ায় এবং রাজ্য প্রশাসন ও অভিযুক্তের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করায় এই চাঞ্চল্যকর মামলাটি আইনি মহলে নতুন করে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে।

ওয়েব ডেস্ক
  • ওয়েব ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *