বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের নগদ টাকার পাশাপাশি চাল দেওয়ার বড় ঘোষণা নবান্নের

উৎসবের আবহেই রাজ্যের কর্মহীন মানুষদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এলো নবান্ন। ২০২৩ সালের জানুয়ারি থেকে উত্তরবঙ্গের বন্ধ থাকা ২১টি চা বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে বিশেষ পুজোর উপহার দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত এই কর্মহীন শ্রমিকদের পরিবার পিছু নিয়মিত ৩৫ কেজির সাথে অতিরিক্ত ৫০ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ৬০ বছরের কম বয়সী বন্ধ চা বাগানের প্রতিটি শ্রমিকের অ্যাকাউন্টে এককালীন ৫ হাজার টাকা সরাসরি পাঠাবে শ্রম দপ্তর। বোনাস না পাওয়া এই অভাবী শ্রমিকদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
অন্যদিকে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ কর্মপ্রার্থীদের জন্য মিলেছে বিরাট সুখবর। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অর্থদপ্তরের অনুমোদনে মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হতে চলেছে। এর মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭,১১৯টি এবং স্কুল শিক্ষা দপ্তরে ৩৩,১৯৯টি পদে লোক নেওয়া হবে। পাশাপাশি পুলিশ বাহিনীতে ৯৪৬টি এবং কারিগরি শিক্ষা দপ্তরে ১,৮৮৬টি পদে অফিসার ও কর্মী নিয়োগ করা হবে। খুব শীঘ্রই নির্দিষ্ট নিয়ম মেনে এই সমস্ত সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।