জামিনের শর্ত ভাঙার খেসারত! তিহার জেলে পাঠানো হল ‘ককরোচ’ আন্দোলনের দুই শীর্ষ নেতাকে

আদালতের কঠোর নিষেধাজ্ঞা ও শান্তির বন্ডের শর্ত অমান্য করে ফের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘ককরোচ’ আন্দোলনের তিন নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডেকে। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাঁদের আটক করে। সরকারি কাজে বাধা প্রদান এবং আগের মামলার শর্ত ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই পদক্ষেপ করেছে প্রশাসন। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গ্রেফতারের পর অভিযুক্তদের দফায় দফায় থানায় নিয়ে গিয়ে জেরা করা হয় এবং পরবর্তীতে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। আদালত দুই নেতাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় তাঁদের তিহার জেলে পাঠানো হয়েছে। অন্যদিকে, অপর অভিযুক্ত অজিঙ্কা শিন্ডেকে নতুন করে বন্ডে স্বাক্ষর করিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে আইনজীবীদের দাবি, গ্রেফতারের পর আইনি সহায়তা পেতে বাধা দেওয়া হচ্ছে, যা নিয়ে পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আদালতের পরবর্তী শুনানিতে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।