লটারির দোকান তো নয়, বইয়ের দোকানে অসুবিধা কোথায়? সিপিএমের বুকস্টল মামলায় বড় প্রশ্ন হাইকোর্টের

পুজোর সময়ে মণ্ডপের কাছে বুকস্টল বসানোর অনুমতি না পাওয়ায় সিপিএমের করা মামলায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে, লটারির দোকান তো নয়, বইয়ের দোকান দিতে সমস্যা কোথায়? একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বিচারপতি। বনগাঁর একটি মণ্ডপের সামনে স্টল বসানোর অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বামেরা। বহু বছর ধরে অনুমতি মিললেও এ বছর বাধা পাওয়ার অভিযোগ তুলেছে তারা।
শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, এই মামলার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই এবং সংশ্লিষ্ট জায়গাটি পূর্ত দফতরের হওয়ায় এই বেঞ্চে এর শুনানি হতে পারে না। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য মামলাটি ছেড়ে দেওয়া বিষয়টি বিবেচনা করার কথা জানান। তবে তার আগে পূর্ত দফতরের অনুমতি নিয়ে কারা সেখানে বুকস্টল দিচ্ছে, সে বিষয়ে পুলিশের কাছে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।