সোশ্যাল মিডিয়ায় মোদিকে নিয়ে বিতর্কিত পোস্ট! সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর ও আপত্তিজনক পোস্ট এবং ছবি প্রকাশ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২), যার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, বেশ কিছুদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও অপমানজনক পোস্ট করে আসছিল ওই যুবক। বিষয়টি নজরে আসার পর থেকেই সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন চাঁদপুর বাজার এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে ধৃতকে নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।