পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা? শিয়ালদহ রুটের বিশেষ ট্রেনের তালিকা দেখে নিন এক নজরে

দুর্গাপুজোর কদিন অতিরিক্ত যাত্রী ভিড় নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মধ্যরাত এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে বিভিন্ন শাখায় এই অতিরিক্ত ট্রেনগুলি চলাচল করবে। এর ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার যাত্রীরা পুজো পরিক্রমায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখার পাশাপাশি লালগোলা রুটেও অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রাত ও সন্ধ্যার সময়ে রানাঘাট, কল্যাণী, বারাসাত, বনগাঁ, বারুইপুর, ডায়মন্ড হারবার ও বজবজ রুটে ট্রেনগুলির সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। রেলের এই বাড়তি পরিষেবা চালু হওয়ায় পুজোর কদিন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের আর দুশ্চিন্তা করতে হবে না।