পুজোর রাতে নো চিন্তা! হাওড়া ডিভিশনে গভীর রাতেও মিলবে ১২টি স্পেশাল ট্রেন

পুজোর রাতে নো চিন্তা! হাওড়া ডিভিশনে গভীর রাতেও মিলবে ১২টি স্পেশাল ট্রেন

কলকাতা: দুর্গাপূজোয় মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার আনন্দকে আরও নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। উৎসবের দিনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং গভীর রাতে বাড়ি ফেরার যাতায়াত ব্যবস্থা সহজ করতে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর চালানো হবে ১২টি অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন। হাওড়া, ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি এবং বর্ধমান রুটে রাত জেগে ঠাকুর দেখা দর্শনার্থীদের কথা মাথায় রেখেই মূলত এই বিশেষ ট্রেনের উদ্যোগ। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতিটি ট্রেনই সমস্ত স্টেশনে থামবে।

🚉 রাত জাগা দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেনের সময়সূচি:

  • হাওড়া – ব্যান্ডেল হয়ে বর্ধমান: গভীর রাত ১২টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি ভোর ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে।
  • হাওড়া – ডানকুনি হয়ে বর্ধমান: রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ভোর ৩টে ২০ মিনিটে বর্ধমানে পৌঁছবে।
  • হাওড়া – ব্যান্ডেল স্পেশাল: রাত ১টায় হাওড়া থেকে রওনা হয়ে রাত ২টো ৫ মিনিটে পৌঁছবে ব্যান্ডেলে।
  • শ্রীরামপুর – তারকেশ্বর স্পেশাল: রাত ১২টা ৩০ মিনিটে শ্রীরামপুর থেকে ছাড়বে।

🔄 রুট ও সময়ের রদবদল:

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু লোকালটি হাওড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়া, ৩৭৭৩১ ব্যান্ডেল-মেমারি ইএমইউ লোকালটির যাত্রা বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে, যা রাত ১০টা ২৫ মিনিটে বর্ধমানে পৌঁছবে। আবার ৩৭৭৩২ নম্বর ট্রেনটি মেমারির বদলে বর্ধমান থেকেই যাত্রা শুরু করবে—রাত ১০টা ৪০ মিনিটে বর্ধমান ছেড়ে রাত ১২টা ১০ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে।

🗓️ রবিবারের সময়সূচি কার্যকর হবে যেসব দিনে:

হাওড়া ডিভিশনের ঘোষণা অনুযায়ী, ১৮, ১৯, ২০, ২১ ও ২৫ অক্টোবর এবং ৮ নভেম্বর লোকাল ট্রেনগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রবিবারের সময়সূচি (Sunday Schedule) মেনে চলবে। ওই দিনগুলিতে দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সূচি অনুযায়ী ট্রেন ছাড়বে এবং দুপুর ৩টের পর থেকে পুনরায় স্বাভাবিক দিনের সময়সূচি মেনে ট্রেন চলাচল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *