জঙ্গলমহলে পোস্তর রমরমা কারবার! ৪০ লাখের সম্পত্তি ফ্রিজ করল পুরুলিয়া পুলিশ

রাজ্যের নির্দেশিকা মেনে জঙ্গলমহলে প্রথমবার মাদক মামলায় কড়া পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ। বাঘমুন্ডির কুঁচি সরজামহাতু এলাকায় পোস্তর বেআইনি কারবারের সঙ্গে যুক্ত এক অভিযুক্তের বাড়ি, জমি, গাড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ মোট একচল্লিশ লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজের সরাসরি উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে গিয়ে এই সম্পত্তি ফ্রিজ করার আনুষ্ঠানিক নোটিস সাঁটানো হয়। এনডিপিএস আইনের আওতায় নেওয়া এই পদক্ষেপে এখন থেকে আইনি প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট সম্পত্তির কেনাবেচা বা হস্তান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৮ জুন বাঘমুণ্ডি থানায় দায়ের হওয়া একটি নির্দিষ্ট মাদক মামলায় বিপুল পরিমাণ পোস্তর খড় উদ্ধার করেছিল পুলিশ। এর পরেই আর্থিক অপরাধ ও বেআইনি সম্পত্তি সংক্রান্ত রাজ্যের নির্দেশনামা হাতে পেয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এই ‘ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন’ বা আর্থিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এদিনের অভিযানে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যাগর অজিঙ্কা অনন্ত এবং ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। অপরাধমূলক কার্যকলাপে অর্জিত আর্থিক সাম্রাজ্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।