নম্বর প্লেটহীন গাড়ির তাড়া! আইবি নজরদারির চাঞ্চল্যকর অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক মহল

সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে নিরাপত্তা সংস্থাগুলির গোপন নজরদারির গুরুতর অভিযোগ সামনে এসেছে। তাঁর দাবি, গত কয়েক দিন ধরে একটি নম্বর প্লেটহীন সন্দেহজনক গাড়ি তাঁর পিছু নিচ্ছে এবং তাঁর বাসভবনের বাইরে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র কর্মীরা সক্রিয় রয়েছেন। দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর ঘোষিত কর্মসূচির ঠিক প্রাক্কালে এই পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীপকের আশঙ্কা, আসন্ন কর্মসূচির আগে দিল্লি পুলিশ তাঁকে যে কোনো মুহূর্তে আটক করতে পারে।
আসন্ন তেরঙা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ও সিজেপি সংঘাত চরমে পৌঁছেছে। ১৬ ও ১৭ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার নয়াদিল্লি পুর পরিষদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দীপকে প্রশ্ন তুলেছেন, এভাবে দেশের মাটিতে জাতীয় পতাকা ওড়ানোকে কেন অপরাধের পর্যায়ে ফেলা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে জেলে যেতে রাজি থাকলেও দেশবাসীর অধিকার রক্ষায় এই কর্মসূচি থেকে তাঁরা পিছু হটবেন না। দলের অন্যান্য সহকর্মীদের গ্রেফতারির প্রসঙ্গ টেনে তিনি বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন।