হাসিনার পতন থেকে শিক্ষা! ভারতেও কি সরকার বদলের গভীর চক্রান্ত চলছে? বিস্ফোরক দাবি রাজনাথ সিংয়ের

দিল্লির চলমান রাজনৈতিক বিক্ষোভ ও আন্দোলনকে ঘিরে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লখনউয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণআন্দোলনের আদলে ভারতেও বর্তমান সরকার ফেলে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত চলছে। কংগ্রেস এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলি দেশের যুবসমাজকে রাজনৈতিক সংঘাত ও অরাজকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে তাঁর দাবি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধীদের আন্দোলন আসলে নির্বাচনী সংস্কারের দাবিতে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার অপচেষ্টা বলেই মন্তব্য করেন তিনি।
রাজনাথ সিং সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, গণতন্ত্রের অর্থ অরাজকতা সৃষ্টি বা সাংবিধানিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা নয়। ধ্বংসাত্মক রাজনীতির পথ ছেড়ে বিরোধী নেতাদের নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করার সময় এসেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ভারতের গণতান্ত্রিক ভিত অত্যন্ত মজবুত এবং এ দেশের জনগণ সচেতন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আস্থ রেখে সংঘাতের পথ পরিহার করার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।