পুজোয় বড় স্বস্তি! আর জি কর দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ

আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুজোর ঠিক আগে শীর্ষ আদালতের এই রায়ে বড় স্বস্তি মিলল তাঁর। শুক্রবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। ২০২৪ সালের আগস্ট মাসে আর জি করে তরুণী গবেষকের ঘটনার পরপরই আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। বিচার প্রক্রিয়ায় ধীর গতির যুক্তি দেখিয়ে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে মোট ১৪৭ জন সাক্ষী থাকলেও এখনও পর্যন্ত মাত্র সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কলকাতা হাই কোর্ট জামিনের আবেদন খারিজ করলেও, শীর্ষ আদালতের এই রায়ের ফলে সব ঠিক থাকলে পুজোর মধ্যেই তাঁর জেলমুক্তির পথ প্রশস্ত হলো।