আইনজীবীর সঙ্গেও যোগাযোগ বন্ধ? আটক অভিজিৎকে নিয়ে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে দিল্লি পুলিশ আটক করার পর থেকেই চরমে উঠেছে রাজনৈতিক বিতর্ক। দলের বিস্ফোরক দাবি, পুলিশ অভিজিৎকে আটক করার পর কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে এবং শুক্রবার বিকেলের পর থেকে তাঁর সঙ্গে দলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুধু তা-ই নয়, আটক নেতার সাথে আইনজীবীদেরও কথা বলতে দেওয়া হচ্ছে না বলে গুরুতর অভিযোগ তুলেছে সিজেপি। সরকারের জারি করা নিষেধ তোয়াক্কা না করে দলটির পূর্বঘোষিত ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালন করতে যাওয়ার মুখেই পুলিশ তাঁর বাড়িতে হানা দেয় এবং পরে তাঁকে ও নেহা বোরাকে আটক করে।
সামাজিক মাধ্যমে সোচ্চার হয়ে দলটির তরফে প্রশ্ন তোলা হয়েছে, সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সুরক্ষার অধিকার থাকা সত্ত্বেও কেন তরুণদের সাথে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে? হাতে কেবল জাতীয় পতাকা নিয়ে হাঁটা কীভাবে অপরাধ হতে পারে, তা নিয়েও সোচ্চার হয়েছেন দলীয় সমর্থকেরা। প্রসঙ্গত, দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে টানটান উত্তেজনা ছড়ায় এবং নিরাপত্তা বজায় রাখতে দিল্লি পুলিশ নতুন করে আরও ৬ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সিজেপি অবিলম্বে পুলিশ প্রশাসনকে অভিজিতের সঠিক অবস্থান প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে।