পুজোয় গ্যাস অম্বলের হাত থেকে বাঁচতে কী করবেন! জেনেনিন চিকিৎসকদের পরামর্শ

উৎসবের মরশুমে দেদার খাওয়াদাওয়া, তেল-মশলাযুক্ত পদ এবং ভাজাভুজি খাওয়ার ধুম শুরু হয়। এই অনিয়মের জেরে গ্যাস, অম্বল, পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা ঘরে ঘরে দেখা দেয়। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকজ্বালা ও টক ঢেকুরের মতো উপসর্গ বাড়ে। অতিরিক্ত খাওয়াদাওয়া বা কোল্ড ড্রিংক পানের ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, যা উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে।
এই ধরনের সমস্যা এড়াতে বিশেষজ্ঞরা অ্যান্টাসিড, অ্যালজিনেট কিংবা চিকিৎসকের পরামর্শে প্রোটন পাম্প ইনহিবিটর বা সিমেথিকোন জাতীয় ওষুধ খাওয়ার কথা বলেছেন। তবে নিজে থেকে যথেচ্ছ ওষুধ না খেয়ে অল্প খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা না শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পেট বা বুকে তীব্র ব্যথা কিংবা রক্তবমির মতো গুরুতর লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিতে হবে।