আধার কার্ডের ফটোকপি জমা দিচ্ছেন? জেনে নিন নিরাপদ থাকার সহজ উপায়!

বর্তমানে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, মোবাইল সিম কেনা কিংবা হোটেল বুকিংয়ের মতো প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ডের ফটোকপি জমা দেওয়া একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অস সতর্কভাবে আধারের কপি অন্যের হাতে তুলে দিলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও সাইবার প্রতারণার ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ১২ সংখ্যার নম্বরের ভিত্তিতে প্রতারকেরা ভুয়ো পরিচয় তৈরি করে জাল সিম তোলা বা আর্থিক জালিয়াতির চেষ্টা করতে পারে। যদিও শুধু নম্বর দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব নয়, কারণ এর জন্য ওটিপি বা গোপন পিনের প্রয়োজন হয়, তবুও অপ্রয়োজনীয়ভাবে আধারের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা অত্যন্ত বিপজ্জনক।
এই জালিয়াতি এড়াতে একটি অত্যন্ত কার্যকর সমাধান হলো ‘মাস্কড আধার’ (Masked Aadhaar) ব্যবহার করা। এই পদ্ধতিতে কার্ডের প্রথম আটটি সংখ্যা দৃশ্যমান না রেখে কেবল শেষ চারটি সংখ্যা দেখানো হয়, ফলে পরিচয় গোপন রেখেও নিরাপদে কাজ সম্পন্ন করা সম্ভব। ইউআইডিএআই (UIDAI)-এর সরকারি ওয়েবসাইট থেকে আধার ডাউনলোডের সময় ‘মাস্কড আধার’ বিকল্পটি নির্বাচন করে এটি সংগ্রহ করা যায়। এছাড়া, কোথাও ফটোকপি জমা দেওয়ার সময় কপির ওপর নীল বা কালো কালিতে তির্যক দাগ টেনে জমা দেওয়ার উদ্দেশ্যে কথাটি লিখে দেওয়া উচিত। একইসাথে কোনো অবস্থাতেই আধার সংক্রান্ত ওটিপি, ব্যাঙ্কের পিন বা গোপন তথ্য কারও সাথে ভাগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।