চোরবাগানের মর্মান্তিক বিপর্যয় ক্ষমার অযোগ্য, স্বজনহারাদের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী

চোরবাগানের সপ্তমীর সন্ধ্যার মর্মান্তিক বিপর্যয়কে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের পর আজ, বুধবারও বিজয়া দশমীর দিনে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর ও বরানগরের স্বজনহারা পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ান তিনি। চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ হারানো প্রিয়া সমাদ্দারের বাড়ি এবং বরানগরের মৃত দম্পতি দিলীপ ও দিপালী ঘোষের ছেলের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের হাতে আর্থিক ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়।
বাবুঘাটে গঙ্গার বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখার সময় এই দুর্ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং সত্য উদঘাটনের জন্য প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হতে পারে। এদিকে এই অনভিপ্রেত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজ্য সরকার আরও কঠোর ও অগ্রিম ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গত কয়েক দশকের প্রশাসনিক ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে।